বিপ্লবী বার্তা

বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে: এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জের মুকসুদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। বাংলা নববর্ষের প্রথম দিনে (১৪ এপ্রিল) মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে যাত্রাবিরতি শুরু করেছে আন্তঃনগর 'রূপসী বাংলা এক্সপ্রেস'। এই উপলক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে স্টেশন চত্বরে এক বর্ণাঢ্য আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, "ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রাবিরতির জন্য এই অঞ্চলের মানুষ দীর্ঘকাল ধরে দাবি জানিয়ে আসছিলেন। বিএনপি সরকার সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে।"তিনি আরও জানান, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বিষয়টি নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে রূপসী বাংলা এক্সপ্রেসের ২ মিনিটের যাত্রাবিরতি কার্যকর করেছে। এছাড়া জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিও যেন দ্রুত এখানে যাত্রাবিরতি করে, সে ব্যাপারেও রেলমন্ত্রীর নিকট জোরালো দাবি জানানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।এদিন এমপি সেলিমুজ্জামান সেলিম তার সহধর্মিণী সাবরিনা আহম্মেদকে সাথে নিয়ে ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে চড়ে মুকসুদপুর স্টেশনে নামেন এবং আনন্দ অনুষ্ঠানে যোগ দেন। এসময় ট্রেনের প্রথম যাত্রাবিরতি ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শরীফ রাফিকুজ্জামান, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, মুকসুদপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী জেটিআই (টিএন্ডসি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পহেলা বৈশাখের প্রথম প্রহরে ট্রেনের এই যাত্রাবিরতিকে মুকসুদপুর উপজেলার যাতায়াত ব্যবস্থার এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন সচেতন মহল।

বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে: এমপি সেলিমুজ্জামান