অবস্থান কর্মসূচির বদলে সংবাদ সম্মেলন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
তিন দফা দাবি আদায়ে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচির ধরন পরিবর্তন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান শ্রমিক আন্দোলন বিবেচনায় আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পরিবর্তে ইনডোরে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।তবে কর্মসূচির তারিখ ও মূল উদ্দেশ্য অপরিবর্তিত থাকছে। সংবাদ সম্মেলনে সরকারের কাছে শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো তুলে ধরার পাশাপাশি পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে শ্রমিক আন্দোলন চলছে। অনেক পোশাক কারখানার উৎপাদনও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ৩০ থেকে ৫০ হাজার শিক্ষক-কর্মচারীর সমাগম ঘটিয়ে সরকারকে নতুন করে চাপে ফেলা সমীচীন হবে না। এতে সরকার ও সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমরা সরকারের বেতনভুক্ত একটি পেশাজীবী গোষ্ঠী। দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন করে সরকারকে চাপে ফেলতে চাই না। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই আমাদের দাবিগুলো পূরণ করা সম্ভব। তাই খোলা জায়গায় অবস্থান কর্মসূচির পরিবর্তে ইনডোরে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। কর্মসূচির তারিখ ও মূল উদ্দেশ্য ঠিক থাকছে, শুধু ধরন পরিবর্তন করা হয়েছে।’তিনি আরও জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদানের বিষয়ে সরকার ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও হয়েছে। সেখানে এক মাসের মধ্যে বিষয়টি এগিয়ে নেওয়ার চেষ্টা এবং ডিসেম্বর থেকে নতুন স্কেল অনুযায়ী বেতন দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে আশ্বস্ত করা হয়েছে।নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের ইতিবাচক অগ্রগতিতে আশাবাদী জোট। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বাকি দাবিগুলোও পূরণ করা সম্ভব বলে মনে করছেন শিক্ষক-কর্মচারীরা। এ কারণে আপাতত বড় ধরনের জমায়েত করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না তারা।এর আগে তিন দফা দাবি আদায়ে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। একই সঙ্গে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত নোটিশ প্রত্যাহার ও তার হয়রানি বন্ধের দাবিও জানিয়ে আসছেন শিক্ষক-কর্মচারীরা। সংবাদ সম্মেলনে এসব বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।উল্লেখ্য, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত নোটিশ জারির প্রতিবাদে গত শনিবার দেশের শতাধিক উপজেলা ও জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।