বিশিষ্ট শিল্পপতি জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশিষ্ট শিল্পপতি ও ইস্টার্ন হাউজিংয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর আফতাবনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরে অবস্থিত জহুরুল ইসলাম সিটির সাইট অফিসে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ইসলাম গ্রুপের কর্মকর্তাবৃন্দ, জহুরুল ইসলাম সিটি সোসাইটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে ইস্টার্ন হাউজিংয়ের পরিচালক ও সাইট ইনচার্জ অবসরপ্রাপ্ত মেজর মো. আলতামাস করিম আলহাজ্ব জহুরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। পরে মাওলানা মোস্তাফিজ দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।আলহাজ্ব জহুরুল ইসলাম বাংলাদেশের আবাসন ও রিয়েল এস্টেট খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৬৪ সালে তিনি ইস্টার্ন হাউজিং প্রতিষ্ঠা করেন। দেশে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং ফ্ল্যাটভিত্তিক আবাসনের ধারণা প্রসারে তাঁর উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিডিসি অন্যতম। প্রতিষ্ঠানটি দেশে ও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণকাজে যুক্ত ছিল। ঢাকায় ইস্টার্ন হাউজিংয়ের একাধিক আবাসন প্রকল্পের মাধ্যমে নগরবাসীর জন্য আবাসন সুবিধা সম্প্রসারণেও ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি।দেশে তাঁর প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য নির্মাণকাজের মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবনের আঙিনা, বাংলাদেশ ব্যাংক ভবন, হাইকোর্ট ভবন, সুপ্রিম কোর্ট ভবন, এমপি হোস্টেল, নগর ভবন এবং বিভিন্ন সড়ক-মহাসড়ক। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরাকেও প্রতিষ্ঠানটির গৃহনির্মাণ কার্যক্রম পরিচালিত হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।আলহাজ্ব জহুরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর অবদান স্মরণ করে মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত এবং জান্নাতে উচ্চ মর্যাদা কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।