বিপ্লবী বার্তা

মিয়ারহাট বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী সোহেল মনজুরের

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  সোহেল মনজুর।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সুটিয়াকাঠী ইউনিয়নের মিয়ারহাট বাজারে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয় এবং ক্ষতিগ্রস্ত হন বহু ব্যবসায়ী।ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই নেছারাবাদ ও বানারীপাড়া ফায়ার সার্ভিসকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটি এবং দলীয় নেতাকর্মীদের উদ্ধার কাজে সহযোগিতার আহ্বান জানানো হয়।তিনি আরও বলেন, আল্লাহর অশেষ রহমত এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছ থেকে ক্ষয়ক্ষতির প্রতিবেদন গ্রহণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। খুব দ্রুতই সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক মানুষদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

মিয়ারহাট বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী সোহেল মনজুরের