জনগণের সঙ্গে বিএনপির প্রতারণার অভিযোগ এনসিপির
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, গণভোটে ‘হ্যাঁ’ এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিএনপি এখন জনগণের সাথে প্রতারণা করছে। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে সরকার ইচ্ছেমতো সিদ্ধান্ত নিচ্ছে।শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটিও ঘোষণা করা হয়।আখতার হোসেন বলেন, বিএনপি যখন বলে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে যা খুশি তাই করতে পারে, এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। শপথের প্রথম দিন থেকেই তারা জনরায়ের সঙ্গে বেইমানি করছে।অর্থনৈতিক সংকট নিয়ে তিনি বলেন, সরকারে এসেই হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে। অর্থ পাচারকারীদের সুবিধা দিতে ব্যাংক আইন পরিবর্তন করা হয়েছে। এতে বোঝা যায় শুধু চেয়ার পরিবর্তন হয়েছে, কিন্তু লুটপাটকারীদের পুনর্বাসনের মানসিকতা বদলায়নি।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ফ্যাসিবাদ ফেরানোর কোনো সুযোগ এনসিপি দেবে না।সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব শাহবাগ থানায় ডাকসু প্রতিনিধিদের ওপর নির্যাতনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, জ্বালানি তেল ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। পাম্পগুলোতে মানুষের ভোগান্তি চরমে, অথচ পরিবহন ভাড়াসহ সবকিছুর দাম বাড়ানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী কায়দায় নতুন ফ্যাসিবাদ কায়েম করছেন তারেক রহমান। তিনি সরকারকে গণতন্ত্রের পথে হাঁটার আহ্বান জানান।সভায় তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে জাতীয় ঐকমত্য তৈরির আহ্বান জানান বক্তারা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ বিশ্বব্যাপী গণঅভ্যুত্থানের নেতাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ধারার যুব রাজনীতি শুরুর প্রতিশ্রুতি দেন।অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়:সভাপতি: অ্যাডভোকেট মো: তারিকুল ইসলামসাধারণ সম্পাদক: ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসিনিয়র সহ-সভাপতি: তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফাসিনিয়র সাধারণ সম্পাদক: কাজী আয়েশা আহমেদসাংগঠনিক সম্পাদক: রিফাত রশীদসিনিয়র সাংগঠনিক সম্পাদক: ইয়াসিন আরাফাত।শিগগিরই সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়। সভায় সারাদেশ থেকে আসা এনসিপি ও যুবশক্তির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।