চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর বৃক্ষরোপণ কর্মসূচি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ‘ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ ২.০’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ও আলাওল হল প্রাঙ্গণ থেকে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। ‘শত হাতে, সহস্র চারা’ ও ‘Plant A Tree, Grow A Future’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও পরিবেশপ্রেমীরা অংশ নেন।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. চৌধুরী মনিরুল হাসান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন এবং সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।এ সময় বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে। আমরা আশা করি, আমাদের শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগের সঙ্গে আরও সম্পৃক্ত হবে। আমরা সবাই মিলে একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব।”আয়োজক সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন বিভাগের সদস্যরা কর্মসূচিটি বাস্তবায়ন করেন।আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ কমানো এবং ক্যাম্পাসের তাপমাত্রা নিয়ন্ত্রণে বৃক্ষরোপণের মতো ধারাবাহিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু সচেতনতা তৈরিই নয়, পরিবেশ রক্ষায় প্রত্যক্ষভাবে কাজ করার মাধ্যমেই একটি টেকসই ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।কর্মসূচি শেষে ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর প্রতিনিধিরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত করে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এসব উদ্যোগে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।