পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।আজ বিকাল ৫টায় যশোর শহরের মনিহার চত্বর থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল ও সদস্য সচিব রাজেদুর রহমান সাগরের নেতৃত্বে মিছিলে জেলার ৮ উপজেলার সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।মিছিলটি মনিহার চত্বর থেকে শুরু হয়ে আরএন রোড, চৌরাস্তা প্রদক্ষিণ করে দড়াটানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যারা বাঁধা সৃষ্টি করছে, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেবে।তারা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে জনগণকে ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।বিক্ষোভ মিছিল সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী হায়দার রানা, হাসান আহমেদ, সদর উপজেলার আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদসহ প্রমুখ।