বিপ্লবী বার্তা

ইবিতে অমুসলিমদের ইসলামিক স্টাডিজ পড়ার বাধ্যবাধকতা বাতিলের দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স বাধ্যতামূলক করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ। এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।স্মারকলিপি সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩১তম সভা এবং ২৭১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ‘বাংলাদেশ স্টাডিজ’ ও ‘ইসলামিক স্টাডিজ’ কোর্স দুটিকে ক্রেডিট কোর্স হিসেবে সকল শিক্ষার্থীর জন্য অত্যাবশ্যক করা হয়েছে। এতে অমুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় প্রেক্ষাপট বিবেচনা না করেই তাদের ওপর এই কোর্সটি চাপিয়ে দেওয়া হয়।স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে। সেখানে সুনির্দিষ্ট একটি ধর্মের শিক্ষাকে সবার ওপর বাধ্যতামূলক করা চরম বৈষম্যমূলক এবং এটি সরাসরি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। তারা অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে যার যার ধর্ম অনুযায়ী "ধর্মীয় শিক্ষা" নিশ্চিত করার জোর দাবি জানান।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক বাঁধন বিশ্বাস স্পর্শ ও প্রচার সম্পাদক শুভংকর রায়সহ সনাতন ধর্মাবলম্বী সাধারণ শিক্ষার্থীরা।এ বিষয়ে পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বাঁধন বিশ্বাস স্পর্শ বলেন, যেহেতু বিষয়টি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে পাস হয়েছে, তাই এটি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য মহোদয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এই সমস্যা সমাধান করে একটি অসাম্প্রদায়িক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা।

ইবিতে অমুসলিমদের ইসলামিক স্টাডিজ পড়ার বাধ্যবাধকতা বাতিলের দাবি