বিপ্লবী বার্তা

নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা, আবেদন শুরু ১১ অক্টোবর

'দীর্ঘ সাত বছর অপেক্ষার পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করার জন্য সম্মতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েটদের জন্য আগামী ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পোর্টাল সমাবর্তন রেজিস্ট্রেশন পোর্টাল–( https://convocation.nstu.edu.bd) এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং), বি.এড ও বি.ফার্ম ডিগ্রির ক্ষেত্রে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের গ্র্যাজুয়েটরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। তবে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা এ তালিকার আওতায় থাকছেন না।স্নাতকোত্তর, এম.ফিল, পিএইচডি ও অন্যান্য ডিগ্রির ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত গ্র্যাজুয়েটরা সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।এ ছাড়া PGDLIS-এর ২০১৮ B3 থেকে ২০২৩ B12 এবং PGDIT-এর Spring 2018 থেকে Summer 2024 পর্যন্ত শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিতে পারবেন।একটি ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। আর একই সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর/ডিপ্লোমা ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন করলে দিতে হবে ৬ হাজার টাকা।মূল সনদপত্র সংগ্রহের সময় রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার অনলাইন পেমেন্ট স্লিপ দেখাতে হবে। যারা এরই মধ্যে মূল সনদপত্র সংগ্রহ করেছেন, তারাও মূল সনদপত্র জমা দিয়ে আবার সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।আর যারা এখনো প্রোভিশনাল সার্টিফিকেট নেননি, তাদের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর বিভাগ, হল ও কেন্দ্রীয় লাইব্রেরি থেকে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স নিতে হবে। যারা সাময়িক সনদপত্র নিয়েছেন, তাদের মূল সনদ সংগ্রহের সময় সাময়িক সনদপত্রের মূল কপি জমা দিতে হবে।উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর আগামী ২০২৭ সালের ২৪ জানুয়ারি তৃতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা, আবেদন শুরু ১১ অক্টোবর