বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ, ভারতসহ বিশ্বের ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া আরও ১৬টি দেশের নির্দিষ্টি কিছু অঞ্চল থেকে ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।


সৌদি কর্তৃপক্ষ বলছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও স্থানীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এই তালিকা বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও সবশেষ মহামারী সংক্রান্ত হালনাগাদের আলোকে নিয়মিত পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছে তারা।


সবশেষ সংশোধনী অনুযায়ী, কিছু নিষেধাজ্ঞা ২০০৪ সাল থেকে কার্যকর রয়েছে, আর অন্যগুলো ঝুঁকি মূল্যায়ন এবং প্রাণীর রোগসংক্রান্ত আন্তর্জাতিক প্রতিবেদন—বিশেষ করে উচ্চমাত্রার সংক্রামক বার্ড ফ্লু (এভিয়ান ইনফ্লুয়েঞ্জা) প্রাদুর্ভাবের ভিত্তিতে—বছরের পর বছর ধীরে ধীরে আরোপ করা হয়েছে।


হালনাগাদ তালিকায় আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, বাংলাদেশ, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্ট ও মন্টিনেগ্রো থেকে ডিম আমদানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।


এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নির্দিষ্ট কিছু রাজ্য বা শহরের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়েছে।