নেত্রকোনায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে চারটি ভোট কেন্দ্রসহ দুই উপজেলায় মোট পাঁচটি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার(১০ ফেব্রুয়ারি) ভোররাতে জেলার সদর উপজেলার চারটি এবং পূর্বধলা উপজেলার একটি ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলো হলো, সদর উপজেলার বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার হিরনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া সদর উপজেলার উত্তর বিশিউড়া উচ্চ বিদ্যালয়েও আগুন দেওয়া হয়, তবে সেটি ভোট কেন্দ্র নয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে এসব ঘটনায় অগ্নিসংযোগ করা হয়। নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরাতন টিনশেড কক্ষের জানালা ভেঙে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত ৯৯৯-এ কল করলে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ ঘটনার পর এলাকায় ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, 'ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।'

