গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী গাজীপুর-১ থেকে গাজীপুর-৫ আসনের নির্বাচনী এলাকায় ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোনো ধরনের জনসভা বা মিছিল আয়োজন করা যাবে না। এমনকি এসব কর্মসূচিতে অংশগ্রহণও আইনত দণ্ডনীয় হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত এই সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের বিশৃঙ্খলামূলক আচরণ, ভোটারদের হুমকি বা ভয়ভীতি প্রদর্শন এবং অস্ত্র ও শক্তির মহড়া দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

