নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের বাধা, হেনস্তা ও হামলার প্রতিবাদে এবং ৫ দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (মহিলা বিভাগ)। কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী মাঠ থেকে জামায়াতকে সরিয়ে দিতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের (বিএনপি) সশস্ত্র ক্যাডাররা মহিলা জামায়াতের কর্মীদের ওপর পরিকল্পিত হামলা চালাচ্ছে। তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে এবং ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে।
স্মারকলিপিতে মহিলা বিভাগের পক্ষ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—নারী হেনস্তার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ভোটকেন্দ্র ও আশপাশে নারী ভোটারদের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা এবং ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের আগে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে নারী ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হবে এবং তারা কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হবেন। এ সময় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মহিলা শাখার সেক্রেটারি নাজনীন আক্তার, জেলা কর্মপরিষদ সদস্য রেহানা বিনতে আলিম, শহর শাখা সভাপতি কামরুন্নাহার ফাতেমা, শহর কর্মপরিষদ সদস্য জান্নাতুল মাওয়া ও সুলতানা রাজিয়া প্রমুখ।

