২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদসহ ১০ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে বহুল আলোচিত এ ঘটনায় প্রথমবারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিচারের মুখোমুখি হচ্ছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ প্রসিকিউশন এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এবং পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তৎকালীন প্রধান মো. মনিরুল ইসলাম।
প্রসিকিউশন সূত্র জানায়, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মামলার প্রতিবেদন জমা দেয়। পরবর্তী যাচাই-বাছাই শেষে তা ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করবেন।
নিহত সাতজনের একজন ইবরাহীম, যিনি যাত্রাবাড়ীর একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর ইবরাহীমের বাবা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ করেন, তার ছেলেকে বিচারবহির্ভূতভাবে গুম করে হত্যা করা হয়েছে।

