শুরু হলো আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহন
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই চাঞ্চল্যকর মামলার কার্যক্রম শুরু হয়।


শুনানির শুরুতে কারাগারে থাকা আলোচিত আসামি চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া বাকি সব আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় চিন্ময় কৃষ্ণ দাসকে সশরীরে হাজির না করে কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত করা হয়। আদালতের এজলাসে স্থাপিত এলইডি মনিটর ও অডিও সিস্টেমের মাধ্যমে তার উপস্থিতি নিশ্চিত করা হয়।


মামলার প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন নিহত আইনজীবীর বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন। তার সাক্ষ্য প্রদানের মাধ্যমেই বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই ধাপটি শুরু হলো। তবে জবানবন্দি শেষ হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী জেরা করার জন্য আদালতের কাছে সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, "সারা দেশের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দেখার অপেক্ষায় আছে। আজ বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া গতি পেয়েছে। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুততম সময়ে ন্যায়বিচার প্রত্যাশা করছি।"


উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে খলিফা পট্টি এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।


এই ঘটনায় ২৯ নভেম্বর নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। একই দিন নিহতের ভাই ভাঙচুর ও বিস্ফোরক আইনে আরও একটি মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও তিনটিসহ মোট চারটি আলাদা মামলা দায়ের করা হয়েছিল।