নিরাপদ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য: মোবারক হোসাইনের
ছবিঃ বিপ্লবী বার্তা
শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের ১২তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান ও মহোৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের ১০ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোবারক হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন,“এই জনপদে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি নিরাপদ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা নুরুজ্জামান, দারুল কুরআনের চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম, ময়নামতি ছাত্রশিবির সভাপতি মোঃ আবু হানিফ, সাবেক গোপালগঞ্জ জেলা সভাপতি সুজন চৌধুরী এবং সাবেক সভাপতি আব্দুল্লাহ আল যোবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানজুড়ে ধর্মীয় আচার, কীর্তন, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার মাধ্যমে ভক্তবৃন্দ শান্তি ও কল্যাণ কামনা করেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মহোৎসবে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা আনন্দঘন হয়ে ওঠে।