রূপগঞ্জে ক্রিয়েটিভ পেপার মিলস লিঃ এর উদ্যোগে বার্ষিক পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত!
ছবিঃ বিপ্লবী বার্তা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বার্ষিক শীতকালীন পিঠা উৎসব। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার রূপগঞ্জে অবস্থিত ক্রিয়েটিভ পেপার মিলস লিঃ-এর কারখানা অভ্যন্তরে এ উৎসব অনুষ্ঠিত হয়।


সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান কবিরুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি ফিতা কেটে পিঠা উৎসবের প্রদর্শনী ঘুরে দেখেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুব মোর্শেদ তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিয়েটিভ পেপার মিলস লিঃ, তাহসিনুল হক, পরিচালক, মুশফিকুর রহিম, পরিচালক, ফিরোজ আহমেদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফ্যাক্টরি জিএম মোঃ নাসিম আক্তার মোড়ল।


পিঠা উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় বাহারি রকমের পিঠার প্রদর্শনী করা হয়। প্রদর্শিত পিঠার তালিকায় ছিল, পাটিসাপটা, দুধ পুলি, ভাপা, মালপোয়া, তেল পিঠা ও জিলাপি। ঝাল পুলি, চিতই, সাজ বা ফুল পিঠা, ডিম পিঠা, চাপড়ি, পাকোড়া ও পেঁয়াজু।


কালের আবর্তনে হারিয়ে যাওয়া এসব গ্রাম্য পিঠা সবাইকে শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। প্রদর্শনী শেষে কারখানার সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে এসব পিঠা পরিবেশন করা হয়। উৎসবকে কেন্দ্র করে কারখানার মালিক ও শ্রমিকদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়, যা পুরো কারখানা চত্বরকে একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত করে।