স্বেচ্ছাসেবক দল নেতা মোছাব্বির হত্যা: আরেক শুটার গ্রেপ্তার
ছবিঃ সংগৃহীত

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মোছাব্বির (৪৪) হত্যা মামলায় আরেক শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।


শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোছাব্বির হত্যা মামলায় জড়িত আরেক শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হলেও এ বিষয়ে অভিযান এখনও চলমান রয়েছে। বিস্তারিত তথ্য জানাতে শনিবার সংবাদ সম্মেলন করা হবে বলে জানান তিনি।


এর আগে এই হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। গত ১০ জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তারকৃতরা হলেন— জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২)।


উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মোছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৮ জানুয়ারি তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত মোছাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার মামলার বাদী হয়ে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করেন।