চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল স্কুফ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবিঃ বিপ্লবী বার্তা

জেলার সীমান্তবর্তী দামুড়হুদা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ৮৪০ বোতল নেশাজাতীয় ফেনসিডিলের বিকল্প সিরাপ স্কুফ উদ্ধার করেছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।


অভিযানটি বুধবার ভোরে জগন্নাথপুর এলাকায় পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: রাজবাড়ী জেলার লক্ষীকোল গ্রামের মোঃ সাইদুল সর্দার (৩৯) ও মোঃ শহিদুল ইসলাম (৩৫)।


ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নাটুদাহ-জগন্নাথপুর সড়কে একটি সন্দেহভাজন প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশের সঙ্গীয় ফোর্স ওই গাড়ি আটক করতে সক্ষম হয়। তল্লাশির সময় ভিতরে ৮৪০ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, উদ্ধারকৃত ইসকাফ সিরাপটি ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদক ব্যবসায়ীরা বাজারজাত করছে।


চুয়াডাঙ্গা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জামাল আল নাসের জানান, ফেনসিডিল ও ইসকাফের জেনেটিক নাম একই হওয়ায় মাদক ব্যবসায়ীরা ইসকাফকে বিকল্প হিসেবে ব্যবহার করছে। এটি ভারতের বিভিন্ন কোম্পানির মাধ্যমে ভিন্ন নামে সরবরাহ করা হচ্ছে। বিষয়টির পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।


উদ্ধারকৃত মাদক ও গাড়ি বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।