চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের ছয়জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন।
প্রতীক বরাদ্দ অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন শরীফুজ্জামান, দাড়িপাল্লা প্রতীক পেয়েছেন মাসুদ পারভেজ রাসেল এবং হাতপাখা প্রতীক পেয়েছেন জহুরুল ইসলাম আজিজী।
অন্যদিকে চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন মাহমুদ হাসান খান বাবু। তার পক্ষে নমুনা প্রতীক গ্রহণ করেন খালিদ মাহমুদ মিল্টন। একই আসনে দাড়িপাল্লা প্রতীক পেয়েছেন রুহুল আমীন এবং হাতপাখা প্রতীক পেয়েছেন হাসানুজ্জামান সজীব।
প্রতীক বরাদ্দ শেষে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের উদ্দেশ্যে রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করতে হবে এবং আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। নির্বাচন কমিশনের সব নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলার চারটি উপজেলায় ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

