সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মার্চপাস্ট ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির। সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের। বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ও মতিউর রহমান। সাবেক সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল ও মুস্তাফিজুর রহমান। বিদ্যালয়ের বর্তমান সিনিয়র শিক্ষক শ্যামল কুমার দাশ প্রমুখ।
দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিকেলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সবুর ও শিক্ষিকা নার্গিস আরা। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে।'

