মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজী উন্নয়ন-দৃষ্টিভঙ্গি তুলে ধরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় সিরাজদিখানের নিমতলা জেমস গ্রিল চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খিদির আ. সালামের সভাপতিত্বে এবং সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. ওয়াসিম মিয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. কবির হোসেন এবং শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক নূর জামান মীর।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একেএম ফখরুদ্দিন রাজী বলেন, “মুন্সীগঞ্জ-১ আসনের জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেয়, আমি সিনিয়র সিটিজেনদের পরামর্শ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ন রেখে সামগ্রিক উন্নয়নের রূপরেখা বাস্তবায়ন করবো।”
এছাড়া এলাকার রাস্তা-ঘাটের আধুনিকায়ন, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্থাপন, টেকসই অর্থনীতি গড়ে তোলা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূল, শিক্ষার মানোন্নয়নকে তিনি তার অঙ্গীকারের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেন।
মাওলানা রাজী বলেন, “যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই শিক্ষার মানোন্নয়ন আমার অগ্রাধিকার। এছাড়া তরুণ-প্রজন্মসহ সকল ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত পরিবেশ গড়ে তুলতে চাই। মুন্সীগঞ্জ-১ আসনকে শিল্পনগরীতে রূপান্তর করাই আমার বড় লক্ষ্য।”
মতবিনিময় সভায় অংশ নেওয়া সাংবাদিকরা নির্বাচনী পরিকল্পনা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করলে তিনি তার সার্বিক পরিকল্পনা তুলে ধরেন।

