২০ ঘন্টা পার হয়ে গেলেও এখনও অবধি উদ্ধার করা সম্ভব হয় নি রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপে আটকে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ ৪০ ফুট গভীর একটি নলকূপে পড়ে যায় সে। মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের সেই অন্ধকার কুপে পড়ে যাওয়া সাজিদকে উদ্ধারে এখনও অবধি কাজ ছালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শিশুটির অবস্থান শনাক্তে সেই গর্তে ফায়ার সার্ভিস ফেলেছিল বিশেষ ক্যামেরা। কিন্তু ৩৫ ফুট যাওয়ার পর আটকে যায় সেটি। তবুও দেখা মেলেনি সাজিদের। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, হয়তো ৪০ ফুট নিচেই রয়েছে সাজিদ। তাই পরিকল্পনা অনুযায়ী, সেই গর্তের পাশেই রাতভর তিনটি এক্সকেভেটরের মাধ্যমে পুকুর খননের মত করা হয়েছে গভীর গর্ত। সেই গর্ত থেকেই সুরঙ্গ করে অনুসন্ধান করা হবে ছোট্ট সাজিদের।
উদ্ধার কাজে নিয়োজিত তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, 'শিশুটি যে গর্তে পড়েছিল, আমরা সেই গর্তে ক্যামেরা ফেলেছিলাম। কিন্তু ৩৫ ফুট যাওয়ার পর ক্যামেরা আটকে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেছিল। অসাবধানতা বসত ওই গর্তে মাটি এবং খরকুটা পড়ে যায়। ফলে ক্যামেরার মাধ্যমে শিশুটির সন্ধান পাওয়া যায়নি।'
তিনি আরও বলেন, 'যেহেতু ক্যামেরা ৩৫ ফুট মাটির নিচে গিয়ে আটকে গেছে, সেহেতু আমাদের ধারণা তার নিচেই শিশুটির অবস্থান। এজন্য রাতভর তিনটি এক্সকেভেটর দিয়ে মাটি খনন করা হয়েছে। ইতোমধ্যেই প্রায় ৪০ ফুট গভীর গর্ত করা হয়েছে। আর কিছু সময়ের মধ্যে যে গর্তটি করা হয়েছে সেটি দিয়ে সুড়ঙ্গ করে শিশুটির সন্ধান করতে পারব।'

