পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছাত্রদল নেতা পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শনিবার (৪ ডিসেম্বর) মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক জরুরি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. খোকন মল্লিক এবং সদস্য সচিব মো. তারেকুজ্জামান তারেক এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহারাজের ছেলে মো. সোহেল আহম্মেদ রুবেল মিয়া দীর্ঘদিন ধরে নিজেকে ছাত্রদলের পদধারী নেতা এবং মঠবাড়িয়া থানার দালাল পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে হয়রানি করে আসছেন। এ ধরনের অভিযোগ সংগঠনের নজরে এলে বিষয়টি যাচাই বাছাই করা হয়।'
উপজেলা ছাত্রদল জানায়, 'সোহেল আহম্মেদ রুবেল মিয়ার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। তিনি ছাত্রদল বা বিএনপির নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা বা হয়রানি করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান ছাত্রদল নেতারা।'
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "ব্যক্তি বিশেষের অসদাচরণের দায় ছাত্রদলের ওপর বর্তাবে না।" সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া পরিচয়ধারীদের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

