গাজীপুরের সফিপুরে আল্লাহ ও ধর্মীয় মূল্যবোধকে অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
হাফেজ মো. আনিসুর রহমান আনিসের নেতৃত্বে হাজারো মানুষ এ মিছিলে অংশ নেন। এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় মুসল্লিরাও এতে যোগ দেন।
বিক্ষোভ মিছিলটি সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে রাস্তা প্রদক্ষিণ করে ফ্লাই ওভারের নিচে সমবেত হয়ে সমাবেশ করেন। সমাবেশে সফিপুরের আশপাশের ও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ বক্তব্য রাখেন। তারা বাউল আবুল সরকারের ফাঁসি কার্যকর করার জন্য সমাবেশ থেকে প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান। তারা বলেন, 'যারা এই বাউল ফাউল আবুল সরকারের পক্ষ নেবে তারাও কাফের। যদি ইউনুস সরকার অনতিবিলম্বে ফাঁসি কার্যকর না করে তাহলে আমরা আরও কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।'
তারা আরও বলেন, 'শুধু বাউল আবুল সরকার নয় সারা বিশ্বের যে কোন প্রান্তে যদি কেউ আল্লাহ ও আল্লাহর রাসূল (সঃ) এবং কোরআনের অবমাননা করে, কটুক্তি করে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। প্রয়োজনে আমরা জীবন দেবো কিন্তু এদের শাস্তি হতেই হবে।' বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার মুসলিম তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন।

