নেত্রকোণায় কাপড়ের পট্টিতে আগুন, ২৫ দোকান পুড়ে ছাই
ছবিঃ বিপ্লবী বার্তা
নেত্রকোণার মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটের কাপড়ের পট্টিতে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এতে অন্তত ২৫টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


মদন থানার ওসি মো. শামছুল আলম শাহ জানান, “আগুনের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী আগুন নেভানোর কাজে অংশ নেয়। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।”