প্রায় একঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে বিকেল সোয়া ৪ টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি জানান, 'বিকাল চারটা ২৭ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একে একে আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়।
তবে এই অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, "কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি স্টেশন থেকে ৭টি ইউনিট কাজ করেছে। রাস্তায় যানজট থাকায় ইউনিটগুলো পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।"

