গাজীপুর-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, তুরস্কের তোকাত গাজী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেছেন, “যারা চাঁদাবাজি করে, টাকার জন্য রাজনীতি করে, তাদের মাথায় কখনো যুবকদের জন্য কর্মসংস্থান তৈরির চিন্তা আসে না। এক যুবক যদি পড়াশোনা শেষে বেকার থাকে, তাহলে সে সকলের কাছে বোঝা মনে হয়, অথচ প্রকৃতপক্ষে সে দেশের সম্পদ।”
তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় এলে কাউকেই বেকার থাকতে দেবো না। চাঁদাবাজি বন্ধ করে আমরা এই দেশে কর্মসংস্থান সৃষ্টি করবো।” তিনি জনগণকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “আমরা গাজীপুরকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরিত করতে চাই।”
শুক্রবার (২১ নভেম্বর) রাতে টঙ্গী পূর্ব থানার ৪৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশের সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের ৪৫ নং ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজহার মোল্লা, টঙ্গী পূর্ব থানা আমির মো: নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, আব্দুল বাসেত, আরিফুজ্জামানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এছাড়াও, স্থানীয় এলাকাবাসীও সমাবেশে উপস্থিত ছিলেন।

