নরসিংদী রায়পুরা সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।রবিবার (১৯ এপ্রিল) সকালে বহিরাগতরা কলেজ চলাকালীন সময়ে অধ্যক্ষের উপর হামলা করে। রায়পুরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যক্ষের অভিযোগ থেকে জানা যায়, তিনি সকালে কলেজে গিয়ে দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেন। অধ্যক্ষ তার দপ্তরে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার সময় একদল বহিরাগত অতর্কিতভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় তারা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায় তার ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাকে টেনে হেঁচড়ে অফিসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীগণ এগিয়ে গেলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওই অধ্যক্ষ। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল কলেজে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।