বিপ্লবী বার্তা

‘বিদায়’ দিয়ে ফিরছেন দীঘি

গত বছরের ঈদে ‘জংলি’ সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনায় আসা চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি এবার বড় পর্দার প্রস্তুতি নিচ্ছেন আসন্ন ঈদুল আজহার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর মেহদী হাসান পরিচালিত ‘বিদায়’ সিনেমাটি নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির কাজ গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুরু হলেও কারিগরি কারণে গত ঈদুল ফিতরে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘বিদায়’। খুব শিগগিরই মালয়েশিয়ায় সিনেমার বাকি অংশের দৃশ্যধারণ ও একটি গানের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।প্রচলিত নায়ক-নায়িকা নির্ভর ধারার বাইরে গিয়ে ‘বিদায়’ নির্মিত হয়েছে একটি ভিন্নধর্মী ও মানবিক গল্পকে কেন্দ্র করে। পরিচালক ও প্রযোজক উভয়েরই দাবি, এই সিনেমায় আলাদা কোনো নায়ক নেই; বরং সিনেমার গল্পই এখানে মূল চালিকা শক্তি।দীঘি সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন: “এটি এমন একটি গল্পের সিনেমা যা দেখার পর দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। আবেগ ও বাস্তবতার মিশেলে তৈরি এই সিনেমাটি দেশীয় চলচ্চিত্রে সচরাচর দেখা যায় না। দর্শকরা এতে নিজের জীবনের প্রতিফলন খুঁজে পাবেন।”গল্পনির্ভর এই সিনেমায় দীঘির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা বাপ্পারাজ, ফারুক আহমেদ এবং ফজলুর রহমান বাবু। পারিবারিক ও সচেতনতামূলক গল্পের এই সিনেমাটি সব শ্রেণির দর্শকের জন্য উপযোগী হবে বলে মনে করছে নির্মাণ সংশ্লিষ্টরা।শুধু ‘বিদায়’ নয়, ঈদুল আজহায় দীঘিকে দেখা যেতে পারে ওটিটি প্ল্যাটফর্মেও। নির্মাতা সুমন ধরের একটি ওয়েব সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ করেছেন তিনি। এটিও আসন্ন কোরবানির ঈদে মুক্তির তালিকায় রয়েছে। ফলে বড় পর্দা ও ওটিটি—দুই মাধ্যমেই দীঘির সরব উপস্থিতির সম্ভাবনা দেখছেন ভক্তরা।

‘বিদায়’ দিয়ে ফিরছেন দীঘি