৫ দিনের আয়ু! দুর্গাপুরে সড়ক সংস্কারে অনিয়ম
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সড়ক সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পিচ ঢালাই উঠে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (১১ এপ্রিল) সড়কটির পিচ হাত দিয়ে টেনে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে ১ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে দুর্গাপুর সদর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত ১ হাজার ৭০ মিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়। ‘মেসার্স তাজ উদ্দিন ফরাস’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি করছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক সড়কের কার্পেটিং করা অংশ হাত দিয়েই অনায়াসে তুলে ফেলছেন। নামমাত্র বিটুমিন ব্যবহার করায় পিচের আস্তরণ মাটির সঙ্গে লেগে নেই। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের উপকরণ ও দায়সারাভাবে কাজ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।চারিয়া গ্রামের আব্দুল হামিদ বলেন, "এই সড়ক এক মাসও টিকবে না।" স্থানীয় বাসিন্দা তাজ্জত আলী অভিযোগ করেন, নিম্নমানের কাজের প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন উল্টো হুমকি প্রদান করে। চারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল হক বলেন, "সরকার কোটি টাকা ব্যয় করছে, অথচ কাজের মান খারাপ হওয়ায় তা শুধুই অর্থের অপচয় হচ্ছে।"এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া না গেলেও উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, "কার্পেটিং কাজের পরদিনই সমস্যা ধরা পড়ায় কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঠিকাদারকে পুনরায় মানসম্মতভাবে কাজ সম্পন্নের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।"উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।"এলাকাবাসী সড়কটি টেকসই করার লক্ষ্যে সংশ্লিষ্ট ঠিকাদার ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।