বিপ্লবী বার্তা

সাইবার বুলিং ও অপপ্রচার রোধে জাবি উপাচার্যকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান সাইবার বুলিং, পরিকল্পিত 'সোশ্যাল মিডিয়া ট্রায়াল' এবং অনলাইন হয়রানির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই স্মারকলিপি জমা দেন সংগঠনটির জাবি সংসদের নেতাকর্মীরা।স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও অপমানজনক ভাষার ব্যবহার চরম আকার ধারণ করেছে। বিশেষ করে, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা কর্তৃক একটি টক শোতে দেওয়া বক্তব্যের জেরে তাঁকে লক্ষ্য করে সাইবার বুলিং ও স্লাটশেমিংয়ের মতো ঘটনা ঘটেছে। ছাত্র ইউনিয়ন বলছে, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক বাস্তবতার অংশ হলেও তা কখনোই ব্যক্তিগত আক্রমণ বা সংগঠিত অনলাইন নিপীড়নের পর্যায়ে পৌঁছাতে পারে না।স্মারকলিপিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) একাধিক সদস্য এই সাইবার বুলিংয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে। তারা জুলাই আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক অবস্থানে সক্রিয় শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ‘জাবিয়ান সুশীল সমাজ’, ‘জাকসু নিউজ’, ‘জাকসু আপডেট’, ‘জেইউ ক্রাস এন্ড কনফেশন এর মতো বেনামি ও ভুয়া পেজ থেকে এসব ঘৃণ্য কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করা হয়।এই পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। দাবিগুলোর মধ্যে রয়েছে- সাইবার বুলিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে আইনি শাস্তির আওতায় আনা, অভিযুক্ত জাকসু সদস্যদের বিরুদ্ধে স্বচ্ছ ও দৃশ্যমান তদন্ত নিশ্চিত করা, ভুয়া পেজগুলোর অপপ্রচার বন্ধ করে পরিচালকদের জবাবদিহির আওতায় আনা এবং ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতার নামে ঘৃণামূলক বক্তব্য রোধে কার্যকর নীতিমালা প্রণয়ন।বিশ্ববিদ্যালয়ের সহনশীল ও প্রগতিশীল পরিবেশ রক্ষার দায়িত্ব প্রশাসনের উল্লেখ করে স্মারকলিপিতে হুঁশিয়ারি দেওয়া দিয়ে বলা হয়, অবিলম্বে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সাইবার বুলিং ও অপপ্রচার রোধে জাবি উপাচার্যকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি