অনুষ্ঠিত হলো আইআরআরডি সাধারণ সভা
মানবাধিকার বিষয়ক সংগঠন 'অধিকার গবেষণা ও উন্নয়ন উদ্যোগ' (আইআরআরডি) এর এক সাধারণ সভা গতকাল রাজধানীর আফতাবনগরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, নাগরিক অধিকার এবং পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও সংগঠনের সভাপতি প্রফেসর ড. এম এ রশিদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন: "গত দুই-তিন দশক ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত নাযুক। দুর্ভাগ্যজনকভাবে, দেশের পক্ষে হয়ে নিরপেক্ষভাবে কাজ করার মতো সংগঠনের বড়ই অভাব রয়েছে।"সভাটি পরিচালনা করেন আইআরআরডি-এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট গবেষক ড. খান শরীফুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষের প্রকৃত নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় মালিকানায় নাগরিকদের অবস্থান সুপ্রতিষ্ঠিত করার জন্য সকল ভেদাভেদ ভুলে কাজ করে যেতে হবে।সভায় মানবাধিকারের পাশাপাশি পরিবেশগত সংকটের বিষয়টিও আলোচনায় আসে। নজরুল ইনস্টিটিউটের ডিরেক্টর, প্রখ্যাত গীতিকার ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি লতিফুল ইসলাম শিবলী বলেন, "আমরা যদি ঢাকা শহরের রাস্তার আইল্যান্ডগুলোতে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে পারি, তবে ঢাকার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা সম্ভব।"অন্যদিকে, বিশিষ্ট ব্যবসায়ী ও পরিবেশবিদ সাখাওয়াত হোসেন সতর্কবার্তা দিয়ে বলেন, "আমরা কংক্রিটাইজেশনের মাধ্যমে ভূপৃষ্ঠের উপরের স্তরকে ঢেকে দিচ্ছি। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং নতুন নতুন রোগব্যাধি ছড়াচ্ছে।"সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বিপ্লবী বার্তার প্রকাশক মাহমুদ উজ্জ্বল সভার সামনে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন। এছাড়া বিশিষ্ট শিল্পপতি ও সদস্য মিজানুর রহমান সমাজে বিভিন্ন সেবামূলক এবং সংস্কারমূলক কাজের প্রয়োজনীয়তার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন।সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি নাজমুল হুদা এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, যাদের অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী। সভা শেষে দেশের সামগ্রিক মানবাধিকার ও পরিবেশ উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।