কেশবপুরে ভেজাল দুধ তৈরির দায়ে ২ লাখ টাকা জরিমানা
যশোরের কেশবপুরে জেলি, কাস্টিং সোডা ও তেল দিয়ে নকল দুধ তৈরির দায়ে দুই ব্যক্তিকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভেরচি গ্রামে র্যাবের সহযোগিতায় পরিচালিত এক অভিযানে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেরচি গ্রামে অভিযান চালিয়ে একটি নকল দুধ তৈরির চক্রকে হাতেনাতে আটক করা হয়।জেলি, কাস্টিং সোডা, তেল ও সামান্য দুধ মিশিয়ে নকল দুধ তৈরির সময় অপু ঘোষকে আটক করা হয়। জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির বিবেচনায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই গ্রামের গোবিন্দ ঘোষকে দুধে পানি মিশিয়ে বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে ভেজাল দুধ তৈরির বিভিন্ন রাসায়নিক উপকরণ জব্দ করা হয় এবং উপস্থিত সবার সামনে নকল দুধ ধ্বংস করা হয়।ভোক্তা অধিকার কর্মকর্তা আরও জানান, ভেজাল দুধ উৎপাদন ও বিক্রি জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।