বিপ্লবী বার্তা

ভালোবাসার টানে ট্রাকের স্টিয়ারিংয়ে ভারতীয় দম্পতি

ভালোবাসার টানে ঘর বাঁধার পর এবার কর্মক্ষেত্রও এক করে নিয়েছেন এক ভারতীয় দম্পতি। ভারতের ঝাড়খণ্ড থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে একসঙ্গে বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছেন চালক স্বামী ও তাঁর সহকারী (হেল্পার) স্ত্রী। গত ৩০ মার্চ (সোমবার) বিকেলে ডাবলু বি-৯১-৭২৩৩ নম্বরের একটি আমদানিপণ্যবাহী ট্রাক নিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন।ব্যতিক্রমী এই দম্পতি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা। জানা গেছে, তাঁরা দুজনেই দীর্ঘ কয়েক বছর ধরে একটি পরিবহন সংস্থায় কর্মরত ছিলেন। সেখান থেকেই তাঁদের পরিচয় ও প্রণয়। সম্প্রতি পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর আলাদা না থেকে পেশাগত জীবনেও একে অপরের সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।বর্তমানে স্বামী ট্রাক চালাচ্ছেন এবং স্ত্রী তাঁর সহকারী হিসেবে কাজ করছেন। দীর্ঘ পথের ক্লান্তি দূর করতে এবং ট্রাকের যাবতীয় কাগজপত্র ও কারিগরি দেখাশোনায় স্ত্রীকে পাশে পেয়ে খুশি স্বামী। তাঁদের মতে, একসঙ্গে কাজ করায় দীর্ঘ পথের সফর এখন অনেক আনন্দদায়ক ও সহজ হয়ে উঠেছে।বেনাপোল বন্দরে ট্রাকটি পৌঁছালে স্থানীয় শ্রমিক, চালক ও বন্দর কর্মকর্তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। অনেকেই তাঁদের এই সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।বন্দরের এক প্রত্যক্ষদর্শী জানান, "সাধারণত ট্রাক চালকদের সহকারী হিসেবে পুরুষদেরই দেখা যায়। কিন্তু স্বামী-স্ত্রী মিলে পণ্যবাহী ট্রাক নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনাটি সত্যিই বিরল এবং অনুপ্রেরণামূলক।"পেশা ও সংসারকে এক সুতোয় গেঁথে এই দম্পতি প্রমাণ করেছেন, পারস্পরিক বোঝাপড়া থাকলে যেকোনো কঠিন কাজই সহজ হয়ে যায়। বর্তমানে পণ্য খালাসের প্রক্রিয়া শেষে তাঁরা পুনরায় ভারতে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

ভালোবাসার টানে ট্রাকের স্টিয়ারিংয়ে ভারতীয় দম্পতি