স্থগিত সিরিজ পুনরায় চালু করতে ভারতকে বিসিবির চিঠি
টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়েন কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছে বিসিবি। ভারতীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল এবং কূটনৈতিক সংবেদনশীলতার জেরে দুই বোর্ডের সম্পর্কে ফাটল ধরে। এর প্রভাব পড়ে ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপেও। নিরাপত্তা অজুহাতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বিসিবি। হাইব্রিড মডেলের দাবি পূরণ না হওয়ায় শেষ পর্যন্ত মূল পর্ব থেকে বাংলাদেশকে সরিয়ে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এখন বাস্তবমুখী অবস্থানে ফিরতে চায় বিসিবি। বিসিসিআইকে পাঠানো চিঠিতে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।প্রথমত, গত সেপ্টেম্বরে নির্ধারিত ভারতের বাংলাদেশ সফর, যেখানে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল তা পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে বিসিবি। দ্বিতীয়ত, আগামী বছর ভারতের সম্ভাব্য সফর নিয়ে আবার আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করা হয়েছে। তৃতীয়ত, আগামী বছরের এশিয়া কাপ আয়োজনের স্বত্ব বাংলাদেশের হাতে থাকায়, সেখানে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করাও বিসিবির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।তবে বন্ধুত্বের হাত বাড়ালেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই। ভারতীয় বোর্ড জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ বা সফরের ভেন্যু নির্ধারণ পুরোপুরি দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। সরকারের ইতিবাচক সংকেত না পাওয়া পর্যন্ত তারা কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না।এদিকে আন্তর্জাতিক অঙ্গনের এই টানাপোড়েনের মধ্যেই ঘরের মাঠে নিউজিল্যান্ড এর বিপক্ষে সাদা বলের সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচের এই সিরিজ শুরু হবে চলতি মাসের ১৭ তারিখে প্রথম ওয়ানডের মাধ্যমে।