বিপ্লবী বার্তা

নরসিংদীর ২ প্রাইভেট হাসপাতালকে জরিমানা

নরসিংদীতে দুই বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের বেসরকারি ক্লিনিক ও ডায়োগনষ্টিক সেন্টারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা পুলিশ, র‍্যাব, আনসার ও জেলা হাসপাতাল সার্বিক সহযোগিতা করে। অভিযান চলাকালে জেলখানা মোড়স্থ গ্যাস রোডে অবস্থিত মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল এবং বাসাইল এলাকায় অবস্থিত রেনেসাঁ ট্রমা সেন্টার-এ সেবার মান ও আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনে উভয় প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রম সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উক্ত অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতালকে ১ লাখ টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে ২ লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়ও করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ বলেন, অভিযানকালে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদীর ২ প্রাইভেট হাসপাতালকে জরিমানা