কাঠালিয়ায় বেড়িবাঁধ নির্মাণে বাধা, প্রতিবাদী মানববন্ধনে হামলা
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউড়া গ্রামের তালতলা খাল সংলগ্ন ভেড়িবাঁধ নির্মাণকাজে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পশ্চিম আউড়া তালতলা খাল সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এলাকাবাসীর অভিযোগ, ভূমিদস্যুরা এ হামলা চালায়।এ সময় স্থানীয় সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল লোক মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়ে তা পণ্ড করার চেষ্টা করে। তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।এলাকাবাসী জানান, কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউড়া তালতলা খালে ভেড়িবাঁধ না থাকায় প্রতিবছর বন্যা ও বর্ষা মৌসুমে কৃষিজমির ফসল, গাছপালা, মৎস্য ও পানের বরজসহ বিভিন্ন সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া পানি ঢুকে বাড়িঘর তলিয়ে যায় এবং শিক্ষার্থী, নারী ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার খালের তীরে প্রায় দুই কিলোমিটার ভেড়িবাঁধ নির্মাণকাজ শুরু করে। তবে এলাকাবাসীর অভিযোগ, মামলাবাজ হিসেবে পরিচিত সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন এ কাজে বাধা দেন। ফলে বিএডিসি কর্তৃপক্ষ নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখে।এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে সরকার খালের তীরে দুই কিলোমিটার বিড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করলেও, স্থানীয় মামলাবাজ হিসেবে পরিচিত সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন বাধা দেন। নির্মাণকাজ পুনরায় চালুর দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে তারা মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মানববন্ধন ভণ্ডুল করতে হামলার ঘটনা ঘটে।তবে অভিযোগ অস্বীকার করে সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমাদের জমি ক্ষতিগ্রস্ত করে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। মানববন্ধনে কোনো হামলা করা হয়নি।মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, ব্যবসায়ী মোঃ গোলাম রব্বানী মিলন, কলেজছাত্রী নাজমা আক্তার এবং গৃহিণী মাসুমা বেগম।