যশোরের শার্শা উপজেলার বেনাপোল এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রচণ্ড দাবদাহ আর দীর্ঘ সময়ের অপেক্ষা ছাপিয়ে এখন সাধারণ মানুষের প্রধান ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রভাবশালী মহলের ‘ভিআইপি’ সুবিধা এবং অব্যবস্থাপনা।আজ বুধবার সরেজমিনে বেনাপোলের ফিলিং স্টেশনগুলোতে গিয়ে দেখা যায়, তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি। ট্রাক, ট্রাক্টর ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। এপ্রিলের তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অনেক চালক অসুস্থ হয়ে পড়ছেন।এক ভুক্তভোগী মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু তেল পাচ্ছি না। অথচ কিছু লোক এসে প্রভাব খাটিয়ে আগে তেল নিয়ে যাচ্ছে। আমাদের কষ্টের শেষ নেই।সাধারণ মানুষের অভিযোগ, পাম্পগুলোতে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সাধারণ মানুষকে লাইনে আটকে রাখলেও পরিচিত বা প্রভাবশালী ব্যক্তিদের তেল নিতে বিশেষ সহযোগিতা করছেন। তেলের এই সুষম বণ্টনের অভাব এবং প্রকাশ্য 'স্বজনপ্রীতি'র কারণে সাধারণ চালকদের মধ্যে চরম অসহায়ত্ব ও উত্তেজনা বিরাজ করছে। তবে পাম্প কর্তৃপক্ষকে এই বিশৃঙ্খলা নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।এই অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ফিলিং স্টেশনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, "তেল নেওয়ার ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। সে যেই হোক না কেন, তাকে সাধারণ জনগণের কাতারে দাঁড়িয়েই তেল নিতে হবে। কেউ যদি স্বজনপ্রীতি করে থাকে, তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।"স্থানীয়দের আশঙ্কা, দ্রুত এই অব্যবস্থাপনা বন্ধ না হলে সাধারণ মানুষের এই ক্ষোভ বড় ধরনের উত্তোজনার সৃষ্টি করতে পারে।