‘ধুরন্ধর টু’ ঘিরে আইনি জটিলতা, নির্মাতাদের বিরুদ্ধে মামলা
বিনা অনুমতিতে পুরোনো ছবির জনপ্রিয় গান ব্যবহারের অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন ভারতের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর টু’এর নির্মাতারা।অভিযোগ উঠেছে, ১৯৮৯ সালের সিনেমা ‘ত্রিদেব’-এর জনপ্রিয় গান ‘ওয়ে ওয়ে’ অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে ছবিটিতে। এ ঘটনায় নির্মাতা আদিত্য ধর-এর প্রযোজনা সংস্থা বিসিক্সটিটু স্টুডিওর বিরুদ্ধে মামলা করেছে ত্রিমূর্তি ফিল্মস।জানা গেছে, আশির দশকের জনপ্রিয় এই গানটি রণবীর সিং অভিনীত সিনেমাটিতে ব্যবহার করা হয়। তবে গানটির মূল স্বত্বাধিকারী ত্রিমূর্তি ফিল্মসের দাবি, তাদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে তারা আদালতের শরণাপন্ন হয়ে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম বা প্রচারণায় গানটির ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞা জারির আবেদনও জানানো হয়েছে।প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়ে ওয়ে’ গানটির পূর্ণ স্বত্ব তাদের, এবং অনুমতি ছাড়া এটি ব্যবহার করা বড় ধরনের আইনগত অপরাধ।বিশ্বজুড়ে দেড় হাজার কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে সাফল্য পেলেও শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়েছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। এর আগে সিনেমার চিত্রনাট্য চুরির অভিযোগও উঠেছিল নির্মাতা আদিত্য ধর-এর বিরুদ্ধে।গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই ছবিটির বিষয়বস্তু ও সহিংসতা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা চলছিল। এবার নতুন করে গানের কপিরাইট ইস্যুতে আইনি জটিলতায় পড়ল সিনেমাটি।