বিপ্লবী বার্তা

নরসিংদীর কাঠের সেতু পাকা করার দাবি

নরসিংদীর সদর ও রায়পুরা দুটি উপজেলার আলোকবালী ইউনিয়ন ও হাইমারার মণিপুরার মধ্যে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে মেঘনা নদীতে নির্মিত হয়েছে একটি কাঠের সেতু। এ সেতু দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচল করেন।নরসিংদী জেলার সদর ও রায়পুরা দুটি উপজেলার মাঝখানে হাইমারা ইউনিয়নের মণিপুরা ও আলোকবালী ইউনিয়নের মধ্যে মেঘনা নদীর শাখা নদীতে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।রায়পুরা ও আলোকবালী মানুষের একমাত্র বাজারে প্রতিদিন হাজার হাজার টন মালামাল উঠানামা করে ও বিশাল গরুর হাট বসে। শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ এ কাঠের ব্রিজ দিয়ে যাতায়ত করেন। গুরুত্বর্পূণ কাঠের ব্রিজটি দ্রুত স্থায়ীভাবে নির্মাণ করার জন্য নরসিংদী সদরের এমপি খায়রুল কবির খোকন ও রায়পুরার এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।এ ব্রিজ নিয়ে জাতীয় সংসদে আলোচনা করা হয়েছে। স্থায়ীভাবে সেতু নির্মাণ করা হলে দুই উপজেলার মানুষের জীবনযাত্রার মান পাল্টে যাবে বলে তাদের দাবি।নরসিংদী সদর উপজেলার বৃহৎ একটি জনগোষ্ঠী বসবাস করে বিচ্ছিন্ন চরাঞ্চলে, যেখানে দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার অভাবে মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। অতীতে এই অঞ্চলে কোনো সেতু বা সহজ যোগাযোগব্যবস্থা না থাকায় অসুস্থ রোগী নিয়ে নদী পার হতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো নদী পারাপারের জন্য।শুধু স্বাস্থ্যসেবা নয় শিক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত। যাতায়াতের অসুবিধার কারণে শিক্ষার্থীদের স্কুল-কলেজ, মাদ্রাসায় যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হওয়ায় শিক্ষার হার অনেক নিচে। এমন বাস্তবতায় এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা ও প্রবাসী মো. আল আমিনের উদ্যোগে নির্মিত এই কাঠের সেতুটি এখন আলোকবালীর খোদাদিলা এলাকা ও রায়পুরার মণিপুরার মধ্যে সংযোগ স্থাপন করেছে। এতে দুই অঞ্চলের মানুষের চলাচলে এসেছে স্বস্তি।এলাকাবাসী মনে করছেন, এই কাঠের সেতু সাময়িক সমাধান মাত্র। টেকসই উন্নয়নের জন্য দ্রুত এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হলে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রায় স্থায়ী পরিবর্তন আসবে। দুই উপজেলার মানুষের জীবনযাত্রার মান পাল্টে যাবে।নরসিংদী এলজিইডি- এর নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা বলেন, প্রকল্পটির ডিজাইন করা হয়েছে। তা অনুমোদন হলে দ্রুত নির্মাণ কাজ করা হবে।

নরসিংদীর কাঠের সেতু পাকা করার দাবি