বিপ্লবী বার্তা

সারাদেশে ৩ মে থেকে শুরু হচ্ছে বিশেষ হামের টিকাদান কর্মসূচি

দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। রোববার (৫ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এই ঘোষণা দেন।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, ৩ মে থেকে দেশের বাকি জেলা ও উপজেলাগুলোতে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। এছাড়া ১২ মে থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে, যা পরবর্তী সময়ে সারাদেশে সম্প্রসারণ করা হবে।হামের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, 'হাম এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা করোনার মহামারির চেয়েও কম উদ্বেগজনক নয়। একে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।' শিশুদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই কর্মসূচির সফল বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।এদিকে, আজ থেকেই দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই উপজেলাগুলোর মধ্যে রয়েছে- ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, গাজীপুর সদর, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর এবং নেত্রকোণার আটপাড়া। এছাড়া রাজশাহীর গোদাগাড়ী, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ এবং নাটোর সদরেও আজ থেকে টিকা দেওয়া হচ্ছে।দক্ষিণাঞ্চল ও অন্যান্য জেলার মধ্যে ঝালকাঠির নলছিটি, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, বরগুনা সদর, ভোলাগঞ্জ, শরীয়তপুরের জাজিরা, মাদারীপুর সদর, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু এবং যশোর সদরে এই কার্যক্রম একযোগে শুরু হয়েছে।

সারাদেশে ৩ মে থেকে শুরু হচ্ছে বিশেষ হামের টিকাদান কর্মসূচি