বিপ্লবী বার্তা

স্বাস্থ্য সেবা হবে বিজ্ঞান ভিত্তিক : সিভিল সার্জন

যশোরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা ও জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা।মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, আগামীর বাংলাদেশের স্বাস্থ্যসেবা হবে সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক। স্বাস্থ্যসেবার কার্যক্রম শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশ ও প্রাণীর স্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংস হলে মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, দেশে বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট। উষ্ণতা বৃদ্ধি, অসময়ে বৃষ্টি ও ঝড়-বৃষ্টির প্রকোপ বাড়ছে। এর পেছনে জীববৈচিত্র্য ধ্বংস একটি বড় কারণ। তাই জীববৈচিত্র্য সংরক্ষণ করে মানুষ ও প্রাণীর অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হবে।এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”।এ উপলক্ষে সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে এসে শেষ হয়। এতে শতাধিক সরকারি ও বেসরকারি কর্মকর্তা অংশ নেন। আলোচনা সভা ও শোভাযাত্রায় ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার পলাশ কুমারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য সেবা হবে বিজ্ঞান ভিত্তিক : সিভিল সার্জন