৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষতি ১৪৫ বিলিয়ন ডলার, ধ্বংস লাখো অবকাঠামো
মাত্র ৪০ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে দেশটির মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪০ থেকে ১৪৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ কোটি টাকার সমান।সংবাদমাধ্যম আল আরাবিয়া শুক্রবার (১০ এপ্রিল) দ্য জেরুজালেম পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে।ইরানের রেডক্রস সোসাইটির প্রধান পিরহোসেন কোলিভান্দ জানান, যুদ্ধে দেশটির ১ লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ আবাসিক ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।শুধু আবাসন খাতই নয়, হামলার শিকার হয়েছে ২৩ হাজার ৫০০ বাণিজ্যিক প্রতিষ্ঠান। পাশাপাশি ৩৩৯টি হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি ও স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।শিক্ষা খাতেও বড় ধাক্কা লেগেছে। অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয় ও ৮৫৭টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া রেডক্রসের ২০টি স্থাপনাও ধ্বংস হয়েছে।অন্যদিকে গুরুত্বপূর্ণ অবকাঠামোর মধ্যে জ্বালানি সংরক্ষণাগার, বিমানবন্দর ও বেসামরিক বিমানসহ অন্তত ১৫টি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।বেসামরিক অবকাঠামোর পাশাপাশি সামরিক ক্ষেত্রেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল এর তথ্য অনুযায়ী, ইরানের চারটি প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, খোজির, পারচিন, হাকিমিয়েহ ও শারাউদ এবং ২৯টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।বিশ্লেষকদের মতে, এই ধ্বংসযজ্ঞ ইরানের অর্থনীতি, অবকাঠামো ও সামরিক সক্ষমতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।