ভাঙ্গা প্রাচীর টপকে ইবি কেন্দ্রে প্রবেশ ভর্তিচ্ছুদের
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'বি' ইউনিটে (মানবিক বিভাগ) পরীক্ষা দিতে ভাঙ্গা দেওয়াল টপকে কেন্দ্রে প্রবেশ করেছেন ভর্তিচ্ছুরা।শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত গুচ্ছ 'বি' ইউনিটের পরীক্ষার আগমুহূর্তে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ল্যাবরেটরি স্কুল ভবন এলাকায় এই দৃশ্য দেখা যায়।এদিন সকালে ল্যাবরেটরি স্কুল ভবনের উত্তর পাশে বিএমএস ম্যাচ সংলগ্ন ভাঙ্গা দেওয়াল টপকে কেন্দ্রে প্রবেশ করছেন কিছু পরীক্ষার্থী। এ বিষয়ে উপস্থিত পরীক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানান, নির্ধারিত প্রবেশপথ দূরে হওয়ায় এবং সময় স্বল্পতার কারণে অনেকেই ভাঙ্গা প্রাচীর টপকে কেন্দ্রে প্রবেশ করেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ম্যাচ মালিককে এবিষয়ে দুইবার নোটিশ করা হয়েছে এবং দেওয়াল পুনঃনির্মাণ করা হয়েছিল কিন্তু আবার ভেঙ্গে গেছে। পরবর্তী পরিক্ষার দিন ওখানে আনসার দেওয়া হবে।