মারা গেছেন কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে
ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে গত শনিবার তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১২ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন এই প্রখ্যাত শিল্পী। শনিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।আশা ভোঁসলে ১৯৩৩ সালে সংগীতপ্রেমী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ৯ বছর বয়সে তিনি পেশাদার সংগীতজীবন শুরু করেন এবং ১৯৪৩ সালে প্রথম চলচ্চিত্রে গান রেকর্ড করেন। ১৯৫০-এর দশক থেকে বলিউডে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন।বড় বোন লতা মঙ্গেশকরের পাশাপাশি নিজস্ব স্বকীয় কণ্ঠশৈলীর মাধ্যমে তিনি কয়েক দশক ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। দাদাসাহেব ফালকে ও বঙ্গবিভূষণসহ একাধিক সম্মাননা অর্জন করেন এই গায়িকা। ১৯৯৭ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি।তার ব্যক্তিগত জীবন ছিল নানা উত্থান-পতনে ভরা। মাত্র ১৬ বছর বয়সে গণপতরাও ভোঁসলেকে বিয়ে করেন তিনি, তবে পরবর্তীতে সেই সম্পর্কের অবসান ঘটে। পরে সংগীত পরিচালক আর ডি বর্মণের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও বিবাহ হয়, যা ১৯৯৪ সালে বর্মণের মৃত্যুর আগ পর্যন্ত স্থায়ী ছিল।