বিপ্লবী বার্তা

ঈদুল আজহার তারিখ নিয়ে যা বলল আমিরাত

মধ্যপ্রাচ্যে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশ বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছেন।সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম এমরাত আল ইয়াউম-কে দেওয়া এক সাক্ষাৎকারে আল জারওয়ান জানান, হিজরি ক্যালেন্ডারের ১২তম মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে সোমবার। সেই হিসেবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ আরাফাতের দিন হবে ২৬ মে মঙ্গলবার এবং এর পরের দিন ২৭ মে বুধবার উদযাপিত হবে ঈদুল আজহা।জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ১৭ মে রোববার আমিরাতের সময় রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদ দিগন্তের ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। প্রায় ১৯ ঘণ্টা বয়সের এই চাঁদ খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিবারের মতো এবারও পবিত্র জিলহজ মাস এবং ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ভর করছে চাঁদ দেখার ওপর। ইসলামী শরিয়াহ অনুযায়ী, নির্দিষ্ট সময়ে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার পরই সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করবে।পবিত্র ঈদুল আজহা মূলত হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মৃতি বহন করে। আল্লাহর নির্দেশে নিজ পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়ে তিনি যে অসামান্য আনুগত্যের পরিচয় দিয়েছিলেন, তা স্মরণে বিশ্ব মুসলিমরা প্রতিবছর পশু কোরবানি করেন। ঈদের নামাজ আদায়, কোরবানি এবং দুস্থদের মাঝে মাংস বিতরণের মাধ্যমে ত্যাগের মহিমায় এই দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ঈদুল আজহার তারিখ নিয়ে যা বলল আমিরাত