‘দম’ দেখে প্রশংসায় পঞ্চমুখ অপি করিম
ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা দম দেখে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী অপি করিম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সিনেমাটির নির্মাণ, অভিনয় ও সামগ্রিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।অপি করিম জানান, দীর্ঘ সময় ধরে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি, তাই প্রত্যাশাও ছিল অনেক বেশি। সিনেমা শুরু করার আগে পরিচালকের করা মন্তব্য, ‘সিনেমা বানানো যায় না, সবাই মিলে হয়’ দেখার পর তার কাছে তা আরও তাৎপর্যপূর্ণ মনে হয়েছে।
তিনি বলেন,'ছবির লোকেশন ও আয়োজন দেখে স্পষ্ট বোঝা যায় পুরো টিম কতটা পরিশ্রম করেছে। “দম আছে ‘দম’-এর সবার।”
তিনি বলেন,'ছবির লোকেশন ও আয়োজন দেখে স্পষ্ট বোঝা যায় পুরো টিম কতটা পরিশ্রম করেছে। “দম আছে ‘দম’-এর সবার।”তবে সিনেমা শেষে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে অভিনেতা আফরান নিশো-র অভিনয়। অপি করিম লিখেছেন, “হল থেকে বেরিয়ে খেয়াল করলাম, নিশো মগজে গেঁথে গেছে। শুটিংয়ের সময় তার কী গেছে—তা ভাবলেই বোঝা যায়, পারে ছেলেটা!”নির্মাতা রনিকে উদ্দেশ করে তিনি বলেন, “একটা সময় একসঙ্গে অনেক কাজ করেছি। শুধু বলব, এই দমেই এগিয়ে যান, শুভকামনা রইল।”একই সঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিল-এর চ্যালেঞ্জিং কাজের ধারাবাহিকতার কথাও উল্লেখ করেন তিনি। দর্শকদের উদ্দেশে তার আহ্বান, “একটা কাজ করতে কতটা শ্রম লাগে অন্তত সেটা দেখতে হলেও হলে যান।”মুক্তির পর থেকেই ‘দম’ সিনেমাটি দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। প্রায় প্রতিটি প্রদর্শনী হাউসফুল যাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ইতিবাচক আলোচনা। বিশেষ করে চঞ্চল চৌধুরী ও পূজা চেরী-র সঙ্গে নিশোর অভিনয় এবং নির্মাণশৈলী প্রশংসা কুড়াচ্ছে।উল্লেখ্য, প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন পরিচালক রেদওয়ান রনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন, সঙ্গে ছিলেন রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ।দেশে সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারেও যাত্রা শুরু করেছে ‘দম’। ইতোমধ্যে অস্ট্রেলিয়া-র বিভিন্ন শহরে প্রদর্শনের মাধ্যমে শুরু হয়েছে ছবিটির বিদেশযাত্রা। নির্মাতার ভাষায়, “এটি শুধু একটি গল্প নয়, বাংলাদেশের জয়ের গল্প।”
এসভিএফ, আলফা-আই ও চরকির প্রযোজনায় নির্মিত ‘দম’ ইতোমধ্যে ঈদের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়েছে।