পুলিশের নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩
মানুষের বিপদ যখন দরজায় কড়া নাড়ে, তখন খড়কুটো আঁকড়ে ধরেও বাঁচার চেষ্টা করে সে। আর সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে আশার জাল বুনেছিল তিন ধূর্ত যুবক। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারের নাম ভাঙিয়ে ‘অন্ধকার পথে আলো দেখানোর’ টোপ দিয়ে শেষ রক্ষা হলো না তাদের। তারা হলেন মো. সোহান (২৫), শামীম ফকির (৩৫) ও শুভ (২৭)।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে নরসিংদী পৌর শহরের পায়রা চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহান চিনিশপুর (নন্দীপাড়া) এলাকার সফিক মিয়ার ছেলে, শামীম ফকির একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে এবং শুভ কাঞ্চন মিয়ার ছেলে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ চিনিশপুর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার শামীমের নেতৃত্বে ও ডিবি পুলিশের অংশগ্রহণে পরিচালিত এক অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি মনিরুজ্জামান (৩৬) একটি রামদাসহ গ্রেপ্তার হন।এরপর ১৭ মার্চ বিকেলে ডিবির কথিত সোর্স পরিচয়ে সোহান তার দুই সহযোগীকে নিয়ে মনিরুজ্জামানের পরিবারের কাছে যান। তারা দাবি করেন, অতিরিক্ত পুলিশ সুপারকে ১০ হাজার টাকা দিলে আসামিকে আদালতে না পাঠিয়ে ছেড়ে দেওয়া হবে। সরল বিশ্বাসে পরিবারটি তাদের হাতে টাকা তুলে দেয়।কিন্তু পরে আসামিকে আদালতে পাঠিয়ে কারাগারে পাঠানো হলে পরিবারের সন্দেহ হয়। পরবর্তীতে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, অভিযুক্তদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারের কোনো সম্পর্ক নেই এবং তার নাম ভাঙিয়ে প্রতারণা করা হয়েছে।ভুক্তভোগী পরিবার বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে জানালে তার পরামর্শে থানায় মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিন প্রতারককে গ্রেপ্তার করে।নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছেন। পরে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।