জামায়াত-বিএনপি ভাই ভাই: পৌর বিএনপি সভাপতি শাহীন তালুকদার
ছবিঃ বিপ্লবী বার্তা

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন বলেন, “জামায়াত-বিএনপি ভাই ভাই, আমরা একসাথে কাজ করতে চাই।”


​রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার ঢাকা কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্টজনদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


​সরিষাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান রানা দুলালের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মাদ আবদুল আওয়াল।


​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মাদ আবদুল আওয়াল বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। দেশের বর্তমান পরিস্থিতিতে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি ইনসাফ কায়েমের সমাজ গঠনে জামায়াতে ইসলামী নিরলস কাজ করে যাচ্ছে।


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র সহঃ সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, এবং জেলা সহঃ সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদ।


​বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের অধিকার আদায়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে আদর্শিক ঐক্য প্রয়োজন। ইফতার মাহফিলে উপস্থিত সকলে দেশের সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।


​এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।